লর্ড কার্জন
ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড কার্জন (১৮৫৯-১৯২৫)। পুরো নাম জর্জ নাথানিয়েল কার্জন। তিনি ছিলেন ডার্বিশায়ারের চতুর্থ ব্যারন স্কার্সডেলের জ্যেষ্ঠ পুত্র। পড়াশোনা করেন হ্যাম্পশায়ারের উইক্সেনফোর্ড পাবলিক স্কুলে।
ইটন স্কুল ও অক্সফোর্ডের ব্যালিওল কলেজেও পড়েছেন। তিনি ১৮৮৬ সালে পার্লামেন্ট সদস্য হিসেবে সাউথপোর্টের প্রতিনিধিত্ব করেন। দায়িত্ব পালন করেন ভারতের ‘পার্লামেন্টারি আন্ডারসেক্রেটারি (১৮৯১-১৮৯২)’ এবং ‘ফরেন আন্ডারসেক্রেটারি (১৮৯৫-১৮৯৮) হিসেবেও। ১৮৯৯ সালে লর্ড কার্জন ভারতের ভাইসরয়ের দায়িত্ব পান।
পর পর দুইবার ভারত সাম্রাজ্যের অধিকর্তা ছিলেন তিনি। তাঁর প্রথমবারের শাসনকাল ছিল গৌরবোজ্জ্বল। দ্বিতীয়বার শাসনভার গ্রহণ করা মাত্রই বিপত্তি বাধে। ১৯০৪ সালে বঙ্গভঙ্গের প্রস্তাব দেন লর্ড কার্জন।
১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর হলে শুরু হয় বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন। ১৯০৫ সালের আগস্ট মাসে কার্জন পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর নামেই নামকরণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল।